রাজশাহীর মোহনপুরের একটি পাম্পে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে এক গ্রাহকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরের দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। মৃত আব্দুল আলাম ওরফে আলাউদ্দিন বাকশৈল গ্রামের নাসের আলীর ছেলে।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনাটি দুর্ঘটনাজনিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল থেকে মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য আব্দুল আলাম কেশরহাট ফিলিং স্টেশনে দাঁড়িয়ে ছিলেন। রোদে দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে লুটিয়ে পড়ে মারা যান।
ফিলিং স্টেশনের মালিক মোস্তাফিজুর রহমান জানান, আব্দুল আলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানান, ধারণা করা হচ্ছে তিনি হিট স্ট্রোকে মারা গেছেন।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চিকিৎসক জানান, তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।


