জাতীয় সংসদে ‘পিছিয়ে রাখা’ প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর আরো জোরালোভাবে তুলে ধরার লক্ষ্যে মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সঙ্গে বৈঠক করেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম, বাংলাদেশ-এর একটি প্রতিনিধি দল।
বৈঠকে স্পিকার নাগরিক প্ল্যাটফরমের প্রস্তাবিত সর্বদলীয় সংসদীয় ককাস গঠনের উদ্যোগকে স্বাগত জানান এবং এর বাস্তবায়নে প্রয়োজনীয় সংসদীয় প্রক্রিয়া সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
‘হাউস অব দ্য পিপল’ বা জনগণের সংসদ হিসেবে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করাকে তিনি জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে অভিহিত করে স্পিকার বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি উল্লেখ করেন, উন্নয়ন প্রক্রিয়ায় পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষায় সংসদে একটি সর্বদলীয় ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
নাগরিক প্ল্যাটফরমের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, বেসরকারি বিনিয়োগ এবং সুশাসনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করে।
আলোচনায় উল্লেখ করা হয় যে, সমাজের একটি অংশ কেবল পিছিয়ে পড়েনি বরং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামোগত কারণে তাদের ‘পিছিয়ে রাখা’ হয়েছে। তাই নীতিনির্ধারণী পর্যায়ে বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কোর গ্রæপ সদস্য রাশেদা কে চৌধুরী, ড. মুশতাক রাজা চৌধুরী, শাহীন আনাম, ড. ইফতেখারুজ্জামান, অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং সৈয়দ নাসিম মঞ্জুর। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।



