রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী গতকাল সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ও সংশ্লিষ্ট হলগুলোতে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়ন ফরম নিয়ে বসেন। দুপুর ১২টার কিছুক্ষণ পর রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে নির্বাচনে মনোনয়ন পরম উত্তোলন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমান। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদের প্রার্থী এবং প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোছা. নিশা আক্তার। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে নারী বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে সাত শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে সিনেটে ছাত্র প্রতিনিধি পদে এদিন কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এই সাত জনের মধ্যে পাঁচ জন রাকসুর পাঁচটি পদে এবং দুজন দুটি পৃথক হলের ছাত্র সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়ন পত্র সংগ্রহ করে সজিবুর রহমান বলেন, সাধারণ শিক্ষার্থীদের শক্তি নিয়ে, সাহস নিয়ে লেজুড়বৃত্তিক, দল, গোষ্ঠীর বাইরে গিয়ে মনোনয়ন নিয়েছি। আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। নতুন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ গতকাল থেকে শুরু হয়ে চলবে ২৬ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত। রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনের নিচতলায় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে। আর হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয় থেকে বিতরণ করা হচ্ছে।
এর আগে পোষ্য কোটা পুনর্বহালসহ প্রাতিষ্ঠানিক সব বৈষম্য দূর করার দাবিতে গতকাল সকাল ৯টা থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির কারণে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে সব সংশয় কাটিয়ে দুপুর ১২টার পর প্রথম মনোনয়ন বিতরণ করা হয়। এদিকে বেলা সোয়া একটার দিকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ৩ দিনের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি স্থগিত করেন। রাকসুর কোষাধ্যক্ষ ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে মনোনয়ন ফরম তুলেছেন। এখন পর্যন্ত দুজন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। সুষ্ঠুভাবেই কার্যক্রম সম্পন্ন হচ্ছে। শিক্ষক ও ছাত্রসংগঠনগুলোর বিভিন্ন দাবির বিষয়ে সবাইকে নিয়ে গতকাল বিকালে সিনেট ভবনে আলোচনা হয়।
গত ১৯ আগস্ট দিবাগত রাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভোটার তালিকা অনুযায়ী, ছাত্র ভোটার ১৫ হাজার ১৫১ জন এবং ছাত্রী ভোটার ৯ হাজার ৭৪১ জন। মোট ভোটারের ৬১ শতাংশ ছাত্র এবং ৩৯ শতাংশ ছাত্রী ভোটার রয়েছেন। সর্বশেষ ২০ আগস্ট পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ চলবে ২৪ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত। এই তিন দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের নিচতলায় অবস্থিত প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন পদপ্রার্থী হতে ইচ্ছুক শিক্ষার্থীরা। এছাড়া ২৭ ও ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আবাসিক হলে ভোটগ্রহণ এবং ওইদিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা হওয়ার কথা।



