সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) যৌথ ব্যবস্থাপনায় ‘সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য এবং বিভ্রান্তি মোকাবেলার সরঞ্জাম’ শীর্ষক একটি সিমিনার গতকাল বুধবার সকালে মিরপুর সেনানিবাসের অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজ বলেছেন, একটি ভাইরাল কনন্টেন্ট মিসাইলের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। অপপ্রচার ও অপতথ্য প্রতিরোধে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতের যুদ্ধ অস্ত্র দিয়ে নয়, বরং একটি ভাইরাল ভিডিও বা বিকৃত তথ্য দিয়ে শুরু হতে পারে। সত্যকে জাতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠার ওপর জোর দিতে হবে। তিনি সবাইকে কোন কিছু শেয়ার করার আগে নিজেকে প্রশ্ন করার আহ্বান জানান। পাশাপাশি দেশীয় ফ্যাক্ট-চেকিং টুলস তৈরি, ডিপফেক প্রতিরোধে এআই-ভিত্তিক সল্যুশন গবেষণা পরিচালনা এবং সামরিক ও বেসামরিক শিক্ষায় মিডিয়া জ্ঞান অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা রুখা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সবাইকে একযোগে মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান ডিজিটাল যুগে সঠিক তথ্য সুরক্ষিত করতে টেকসই কৌশল অনুসন্ধান, সাইবার সুরক্ষা শক্তিশালীকরণ ও প্রযুক্তিগত উন্নয়নসহ সমন্বিত পদ্ধতিসমূহ চিহ্নিত করণ এবং এর বাস্তবসম্মত প্রয়োগের উপর গুরুত্বারোপ করতে হবে।
সেমিনারের স্বাগত বক্তব্য প্রদান করেন এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা, ব্রিগেডিয়ার জেনারেল সুফি মোহাম্মদ মঈনউদ্দিন,এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান প্যানেল আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন।



