রাজধানীর মিরপুর ১১-এর বিহারী মিল্লাত ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরি ও চাপাতির আঘাতে অন্তত ৪ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে বিহারী ক্যাম্পের স্থানীয় সন্ত্রাসী ডলার, ভবন ও রাজেস একত্র হয়ে হামলা চালায়। তাদের হাতে ছিল ছুরি ও চাপাতি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং একটি মামলা প্রক্রিয়াধীন আছে। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে হামলায় আহতরা হলেন সৈয়দ হাসান সোহেল (৩৪), মো. হƒদয় (২২), মো. রনি (৪০) ও ডলার (৩০)। এর মধ্যে সোহেল মাথা ও পিঠে গুরুতর আঘাত পেয়েছে। তিনি পল্লবী থানা ছাত্রদলের সভাপতি বলে জানা গেছে। হƒদয় পিঠ ও হাতে আঘাত পেয়েছে, রনির হাতে আঘাত ও ডলার মাথার ডান পাশে আঘাত পেয়েছে। আহতদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা শেষে ভোর ৪টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেন।



