নেপালে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে ঘর বা হোটেলে অবস্থান করার পরামর্শ দিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গতকাল মঙ্গলবার নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে বর্তমানে বসবাসকারী বা আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিককে বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হলো। সেইসঙ্গে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণোচ্ছুক সকল বাংলাদেশি নাগরিককে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া যেকোনও জরুরি পরিস্থিতিতে নি¤েœাক্ত দুটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে- +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯, +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১।
উল্লেখ্য, নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতিবিরোধী সহিংস বিক্ষোভের মুখে গতকাল পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলি। তারপরও পরিস্থিতি শান্ত হয়নি। শত শত বিক্ষোভকারী বিভিন্ন সরকারি ভবন, পার্লামেন্ট ও সুপ্রিম কোর্টের মতো স্থাপনায় হামলা চালিয়েছে।
নেপাল পরিস্থিতির ওপরে নজর রাখছে ঢাকা
নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে মর্মান্তিক প্রাণহানির জন্য বাংলাদেশ সমবেদনা প্রকাশ করছে, নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি জানাচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। বাংলাদেশ আশা করে, সকল পক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে এবং যেকোনো মতপার্থক্য নিরসনের জন্য শান্তিপূর্ণ ও গঠনমূলক সংলাপে অংশগ্রহণ করবে।
নেপালের দীর্ঘস্থায়ী বন্ধু এবং প্রতিবেশী হিসেবে, বাংলাদেশ নেপালের জনগণের শান্তি পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষমতার উপর আস্থাশীল।



