শহীদ লেফটেন্যান্ট জি এম মুশফিকুর রহমানের ৩৬ তম শাহাদাত বার্ষিকী

যথাযোগ্য মর্যাদায় সোমবার (৮ সেপ্টেম্বর) শহীদ লেফটেন্যান্ট জিএম মুশফিকুর রহমান, বীর উত্তম এর ৩৬ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সাথে এই বীর সেনাসদস্যকে স্মরণ করছে। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনিই হলেন একমাত্র ‘বীর উত্তম’ খেতাব প্রাপ্ত সেনাসদস্য।
শহীদ লেফটেন্যান্ট জি এম মুশফিকুর রহমান ১৯৮৬ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ মিলিটারী একাডেমি হতে ১৫ বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করেন এবং ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে যোগদান করেন। তিনি ১৯৮৯ সালে একই ইউনিটের সাথে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার বাঘাইহাট জোনের অন্তর্গত লক্ষীছড়ি সেনা ক্যাম্পের কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। ১৯৮৯ সালের ৮ সেপ্টেম্বর কাসালং রিজার্ভ ফরেস্টের ঢেরাছড়া এলাকায় গোয়েন্দা সূত্র অনুযায়ী শান্তিবাহিনীর আস্তানার তথ্য পেয়ে আনুমানিক রাত ৩ টায় বিশেষ অভিযান পরিচালনার জন্য তিনি তার আভিযানিক দল সহ গমন করেন। উক্ত অভিযানে তিনি অত্যন্ত সাহসিকতা সাথে ৩ জন শান্তিবাহিনীর সশস্ত্র সদস্যকে ঘায়েল করেন। সেইসাথে ২টি অস্ত্র, গোলাবারুদ, ইউনিফর্ম ও বিভিন্ন গোপনীয় দলিল পত্র উদ্ধার করেন।
তবে অভিযানের এক পর্যায়ে তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায়ও তিনি তাঁর অধিনস্থদের অত্যন্ত দায়িত্বশীলতার সাথে দিক নির্দেশনা প্রদান করে যান। যার ফলে তার অধিনস্থ সেনাসদস্যগণও অফিসারের শরীরে গুলির আঘাতের ঝুঁকি আঁচ করতে পারেনি। সফল অভিযান শেষে তার রানার সৈনিক (ওসিইউ) মোস্তফা লক্ষ্য করে লেঃ মুশফিক গুলিবিদ্ধ হয়েছেন। এসময় রানার চিৎকার করে কাঁদতে কাঁদতে তাঁকে জিজ্ঞাসা করে, “স্যার গুলি লেগেছে বলেননি কেন?” লেঃ মুশফিক তখন হাসিমুখে বলেন “আমার গুলি লেগেছে তা দেখলে তোমরা ভয় পেতে, দেশের চেয়ে আমার জীবন বড় নয়”। এক সময় অতিরিক্ত রক্তক্ষরনের ফলে এই অকুতোভয় নির্ভীক দেশপ্রেমিক অফিসার ৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮ টায় শাহাদৎ বরণ করেন। শরীরে বুলেট ধারণ করে নেতৃত্ব দেওয়ার যে অসাধারণ উদাহরণ লেঃ মুশফিক দিয়ে গেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
পরবর্তীতে ১৯৯০ সালের ২৫ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি এই বীর যোদ্ধাকে মরনোত্তর বীর উত্তম খেতাবে ভূষিত করেন। তার বীরত্ব গাঁথা স্মরনীয় করে রাখার জন্য পরবর্তীতে লক্ষীছড়ি ক্যাম্পের নামকরণ করা হয় শহীদ লেফটেন্যান্ট জি এম মুশফিকুর রহমান আর্মি ক্যাম্প।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments