স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে। গতকাল সোমবার রাজধানীর পুরাতন রমনা থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজধানীর আদাবর, কদমতলী, ভাষানটেক, রমনা ও রামপুরা থানার নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করা হয়।
দেশের বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দূর্গাপূজা না হয় সেই চেষ্টা চালাচ্ছে। এই মহলই খাগড়াছড়িতে এসব করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে। এই ঘটনা যাতে না ঘটে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সেখানে আছেন। তিনি বিষয়টি দেখাশোনা করছেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলছেন।
খাগড়াছড়ির পরিস্থিতির জন্য ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনকে দায়ী করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি চালাচ্ছে। এসব অস্ত্র প্রায়ই দেশের বাইরে থেকে আসে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খাগড়াছড়িতে আটকে পড়া পর্যটকদের অধিকাংশকে ইতিমধ্যে ফিরিয়ে আনা হয়েছে।
ঢাকা শহরে পঞ্চাশটি থানার মধ্যে ২৫টির নিজস্ব ভবন আছে জানিয়ে উপদেষ্টা বলেন, বাকিগুলো বিভিন্ন ভাড়া বাসায় আছে। এখন আমরা নিজস্ব ভবন তৈরি করার চেষ্টা করছি। এরই মধ্যে পাঁচটি থানা ভবনের নির্মাণ কাজ আজ উদ্বোধন করা হয়েছে। এগুলো আগামী পনেরো মাসের মধ্যে শেষ করার কথা রয়েছে। আমি তাদের বলেছি, যদি আঠারো মাসের মধ্যে শেষ করে দিতে পারেন, তাহলে ধন্যবাদ জানাব। খুব শিগগির শাহবাগ থানার নতুন ভবনেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারব।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলীসহ পুলিশের অতিরিক্ত আইজিপি, ডিআইজিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।



