জেপি, আনিসুলের জাপা, জেপিবিসহ কয়েকটি দলের নতুন জোট গঠনের উদ্যোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি নতুন জোট গঠনের উদ্যোগ নিয়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা), আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি-জেপি এবং জনতা পার্টি পার্টি বাংলাদেশ (জেপিবি)সহ কয়েকটি রাজনৈতিক দল।
জাপা চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ জানান, বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামী মূল্যবোধ, উদার গণতন্ত্র ও সকল ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী সমমনা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে এই বৃহত্তর জোট হতে যাচ্ছে। জোট গঠনের লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। আরো আলাপ-আলোচনা হবে।
জাপার নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু জানান, সমমনা বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে একটি জোট গঠনের ব্যাপারে তারা অনেকদিন ধরেই ঘরোয়া আলোচনা করছেন। বিশেষ করে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ ও আগামীতে দেশে একটি সুস্থ ধারার রাজনীতি বিকশিত করার লক্ষ্যেই এই জোট গঠনের প্রয়াস। শিগগিরই নতুন জোট আত্মপ্রকাশ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রায় অভিন্ন মন্তব্য করে জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দেশে দীর্ঘদিন ধরেই জোটের রাজনীতি চলে আসছে। নির্বাচন সামনে রেখে প্রায় সব দলই জোটবদ্ধ হওয়ার তৎপরতা চালাচ্ছে। আমরাও সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথমার্থে এই জোট জনগণের সামনে আসতে পারে।

জানা গেছে, সম্ভাব্য এই জোটে জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের আগে-পরে আত্মপ্রকাশ করা কয়েকটি দলও যুক্ত হতে পারে। এছাড়া, এবছরের ৯ আগষ্ট রাজধানীর গুলশানে অনুষ্টিত জাপার দশম জাতীয় কাউন্সিলে সংহতি প্রকাশ করতে যাওয়া দলগুলোও নতুন এই জোটে শরিক হতে পারে বলে জানা গেছে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে জাপার চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সঙ্গে বৈঠক করেছেন জেপিবি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন ও মহাসচিব শওকত মাহমুদ। বৈঠক শেষে গোলাম সারোয়ার মিলন জানান, নতুন জোট গঠনের বিষয়ে ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছেন তারা, বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে।

সাবেক প্রতিমন্ত্রী মিলন জানান, জেপিবিসহ কয়েকটি দল আগে থেকেই জোটবব্ধ হওয়ার প্রয়াস শুরু করেছে। ওই দলগুলোকেও সম্ভাব্য এই নতুন জোটে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই দলগুলোর মধ্যে রয়েছে- মহসীন রশিদের বাংলাদেশ মুসলিম লীগ, শেখ ছালাউদ্দিন ছালুর ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও মহিউদ্দিন বাবলুর জাগপা, বাংলাদেশ নেজামে ইসলাম ও বাংলাদেশ ঐক্য পার্টি প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments