লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে অত্যন্ত গোপনে শূন্যলাইনে খুঁটি স্থাপনের অপচেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কড়া আপত্তি ও কঠোর অবস্থানের কারণে খুঁটি অপসারণে বাধ্য হয় বিএসএফ।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল নাজিউর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পাটগ্রামের কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় বিএসএফের একটি দল আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্যলাইনে নিয়মবহির্ভূতভাবে খুঁটি স্থাপনের অপচেষ্টা চালায়।
বিষয়টি স্থানীয় জনগণ ও বিজিবির নজরে আসলে তাৎক্ষণিকভাবে বিজিবির কলসিরমুখ বিওপির সদস্যরা তীব্র আপত্তি জানায় এবং ঘটনাস্থলে কঠোর অবস্থান গ্রহণ করে। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহŸান জানিয়ে অবিলম্বে স্থাপিত খুঁটি অপসারণের জন্য চাপ প্রয়োগ করে।
বিজিবির অনড় ও কড়া অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা তাদের কার্যক্রম থেকে সরে যেতে বাধ্য হয় এবং স্থাপিত খুঁটি দ্রæত অপসারণ করে নেয়।
বিজিবির রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজিউর রহমান আরো জানান, বর্তমানে উক্ত সীমান্ত এলাকায় বিজিবি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।



