ঢাকার কেরানীগঞ্জে মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,একটি গোষ্ঠী জাতীয় নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালাচ্ছে।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। তারা নানা অরাজকতা সংঘটিত করছে। হাসান মোল্লার ওপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার বিকল্প নেই। তা না হলে সন্ত্রাসীরা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাসহ মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে অবশ্যই দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি হাসান মোল্লাসহ অন্য নেতাকর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একইসঙ্গে তিনি হাসান মোল্লাসহ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।



