দোয়া মাহফিল,কবর জিয়ারতসহ নানা কর্মসুচি পালনের মধ্যে দিয়ে মরহুম বেগম খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত। গতকাল রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের নিয়ে জিয়ারত করেন।
সকাল ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন। পরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির কেন্দ্রীয়, মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এদিন বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে তারেক রহমান উপস্থিত ছিলেন।
কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর কবর জিয়ারত করেন তারেক রহমান। কবর জিয়ারতের সময় তাঁর সঙ্গে স্ত্রী ডা. জোবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,২০১৫ সালের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার জন্ম ১৯৬৯ সালের ১২ আগস্ট। তিনি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।এ ছাড়া ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যান ছিলেন।
২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে ওই বছরের ৩ সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের বাড়ি থেকে মা খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতার হন কোকো। এর পর তার ওপর নির্মম নির্যাতন করা হয়। ২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসা নিতে সপরিবারে ব্যাংককে যান তিনি। পরে মালয়েশিয়ায় যান, সেখানেই তার মৃত্যু হয়।



