রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে উচ্চতর গবেষণার একমাত্র কেন্দ্র ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) সুবর্ণ জয়ন্তী ও ১৫ তম ত্রি-বার্ষিক এলামনাই সম্মেলনে গবেষকদের মিলনমেলায় পরিণত হয়েছে।
এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন শতাধিক পিএইচডি ডিগ্রিধারী গবেষক এ সম্মেলনে অংশ নেন। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় সিনেট ভবনের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।
সুবর্ণ জয়ন্তী বক্তার বক্তব্যে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ সিদ্দিকী বলেন, মানবজীবন আর মানবসম্পদের মধ্যকার বিজ্ঞানের সম্পর্ক রয়েছে। বিগত কয়েক দশকে বিজ্ঞানভিত্তিক প্রযুক্তির উন্নয়নে অভূতপূর্ব সাড়া ফেলেছে। তারই ফলপ্রসূতি সকল জায়গায় বিজ্ঞানের ক্ষেত্রগুলো অগ্নি শিখার মতো প্রসারতা লাভ করেছে। রাবির আইবিএস বাংলাদেশের একটি গবেষণার প্রাণকেন্দ্র। এখান থেকে অসংখ্য কৃতি শিক্ষার্থী পিএইচডি ডিগ্রি অর্জন দেশের বিভিন্ন সেক্টরে প্রতিভার স্বাক্ষর রাখছে।
প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, এ ধরণের (আইবিএস) প্রতিষ্ঠান বাংলাদেশের আর কোথাও নেই। যেখানে অনেকগুলো প্রজেক্টে অসংখ্য মানুষ কাজ করে। আমি দেশের যে প্রান্তেই যাই কোনো গবেষকের সাথে দেখা হলে প্রথমে এসে পরিচয় দেন ‘স্যার আমি কিন্তু আইবিএস -এ পিএইচডি করেছি। নিসন্দেহে এটা দেশের অন্যতম সেরা একটি প্রতিষ্ঠান।
আইবিএস-এর পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল সভাপতিত্বে স্বাগত দেন আইবিএস এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মঈন উদ্দীন এবং অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন।



