পুরান ঢাকার নারিন্দার মৈশুন্ডিতে বৃহস্পতিবার দিবাগত রাতে একটি বাসায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের পর আগুন লেগে মা, বাবা ও ছেলে দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন মুক্তার বেপারী, তার স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সেলিম বেপারী। তাদের বাড়ি মৈশুন্ডিতে।
শুক্রবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি জানান।
ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা আক্তার আজকের পত্রিকাকে জানান, নারিন্দার ওয়ারীর কাঁচাবাজারের পাশে একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এসির বিস্ফোরণ হয়। বিস্ফোরণে এসি থেকে আগুন ছড়িয়ে পড়লে কয়েকজন আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট যায়। তবে এর আগেই আগুন নিভে যায়।



