ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলা চালানোর পর উদ্ভূত পরিস্থিতিতে কাতার, কুয়েত ও বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয়েছে।

শনিবার কাতারের দোহাস্থ বাংলাদেশ দূতাবাস এক জরুরি বার্তায় বলেছে, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখুন। এ বিষয়ে কাতারের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি/নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করেছে দূতাবাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারেও সবাইকে যত্নশীল হবার আহ্বান জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ এবং ইমেইল mission.doha@mofa.gov.bd এ যোগাযোগ করতে অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস।

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে মানামাস্থ বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাহরাইনে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সবাইকে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। জরুরি প্রয়োজনে দূতাবাসের হেল্পলাইন নম্বর: +৯৭৩ ৩৩৩৭৫১৫৫ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
অন্যদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসও দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য প্রায় একই নির্দেশনা জারি করেছে। জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন +৯৬৫৬৯৯২০০১৩ নম্বরে যোগাযোগ করতে বলেছে।



