রাজধানীর যাত্রাবাড়ীর সবজির আড়তে এক যুবকের পায়ের রগ কেটে নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে। হত্যার শিকার ওই যুবকের নাম মেহেদী হাসান অপু (২৫)। রবিবার রাত ১২টার দিকে সবজির আড়তে শত শত মানুষের সামনে এই ধরনের হত্যার ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। নিহত অপুর গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়তে থাকতেন।
প্রাথমিক তথ্যে জানা গেছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকা-টি সংঘটিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার আনুমানিক রাত ১২ টার দিকে যাত্রাবাড়ী মাছের আড়তের পাশে সবজির আড়ত থেকে এক যুবককে কতিপয় দুর্বৃত্ত ধাওয়া দেয়। প্রাণ ভয়ে ওই যুবক সবজির আড়তের পাশে একটি নির্মাণাধীন ভবনে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তার দুই পায়ের রগ কেটে ফেলে।
পরে তাকে ধরে এনে সবজির আড়তের সামনে রাস্তায় ফেলে দেয়। পরে তারা ওই যুবককে আবার ধরে নিয়ে সামনে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর যুবকটি মারা গেলে তাকে সবজির আড়তের সামনে ফেলে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে তার স্বজনরা তাকে ধরাধরি করে নিকটস্থ একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানায় যে আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় যাত্রাবাড়ী থানা পুলিশ এবং সিআইডির (ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) একটি ফরেনসিক টিম। পুলিশ সদস্যরা আলামত সংগ্রহ করেছেন এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছেন।
ঘটনার বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার কোনো লেনদেন বা আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকা-ের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



