প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত রামিস সেন সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বি-পাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় হয়।
এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু, বিশেষ করে মুসলিম বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা, মানবিক সহযোগিতা এবং আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক সমর্থন জোরদারের বিষয়েও আলোচনা হয়। উভয়পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতাকে ভবিষ্যতে আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
পাশাপাশি পার¯পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় রাষ্ট্রদূত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন করার আশ্বাস দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি পদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে ভোট চাইতে তুরস্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। তুরস্ক সফরে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. খলিলুর রহমান।



