রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের যোগদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে যোগদান করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদসহ অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি ও অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. কুদরত-ই-জাহান, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, ফার্মেসী বিভাগের প্রফেসর মামুনুর রশীদ, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর মো. হাবীবুর রহমান, এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর মো. আব্দুল আলিম, ফোকলোর বিভাগের সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসাইন ও রাবি অফিসার সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন।

নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখাসহ প্রশাসন পরিচালনায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের এক আদর্শ জ্ঞানকেন্দ্রে উন্নীত করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

তিনি তাঁর দায়িত্ব পালনের জন্য গঠনমূলক সমালোচনাও আশা করেন বলে উল্লেখ করেন। ক্যাম্পাসে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখাসহ সর্বোচ্চ সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

এদিকে নবনিযুক্ত উপাচার্য শহীদ ড. জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন। এরপর তিনি শহীদ মিনার ও বধ্যভূমি স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সিনেট ভবন চত্বরে তিনি একটি বৃক্ষরোপন করেন। 

উপাচার্যের সংক্ষিপ্ত জীবনী: বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম ১৮৬৮ সালের ৭ জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বোর্ড থেকে ১৯৮৪ সালে এসএসসি ও ১৯৮৬ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে মার্কেটিং বিষয়ে বিকম (সম্মান) ও ১৯৯০ সালে এমবিএস ডিগ্রি লাভ করেন। এমবিএস পরীক্ষায় অনুষদে প্রথম স্থান অধিকার করায় তিনি অগ্রণী ব্যাংক স্বর্ণপদকে ভূষিত হন।

তিনি সুইডিস সরকারের বৃত্তিতে ২০০৬ সালে গ্যোথেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ও ২০১৩ সালে অস্ট্রেলিয়ান সরকারের বৃত্তিতে কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি কমনওয়েথ বৃত্তি নিয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, আহমেদাবাদ থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

১৯৯৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০১৩ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি আবাসিক শিক্ষক, নিজ বিভাগের সভাপতি, বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা ও ছাত্র-উপদেষ্টা, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির নির্বাচিত সদস্যসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে ৩ বছর এবং কার্টিন বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় প্রায় ২ বছর পূর্ণকালীন শিক্ষকতা করেন। এছাড়া রাবি কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ব্র্যাক বিজনেস স্কুলে ১১ বছর যাবত অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে পাঠদান ও গবেষণা করে আসছেন।

অধ্যাপনায় যোগদানের আগে তিনি প্রায় দুই বছর একটি বেসরকারি ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে চাকুরী করেন।

প্রফেসর মো. ফরিদুল ইসলাম বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি রাবি থেকে প্রকাশিত জার্নাল অব বিজনেস স্টাডিজ সম্পাদনা বোর্ডের প্রধান সম্পাদক এবং রাজশাহী ইউনিভার্সিটি জার্নাল অব সোশ্যাল সায়েন্স এন্ড বিজনেস স্টাডিজ সম্পাদনা বোর্ডের সদস্যের দায়িত্বও পালন করেন। তাঁর ৪০টিরও বেশি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যার জনক।

প্রফেসর মো. ফরিদুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments