নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার সকালে এসব জ্বালানি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার নলচিরা ইউনিয়নের মৃত মোশারেফ হোসেনের ছেলে মো.মিলন (২২) একই এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে মো.রিয়াজ ২০) মো.কামরুলের ছেলে মো.স্বপন (২২) মো.সাব্বিরের ছেলে মো.ফয়েল (১৯)।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদেও সূত্রধরে সকাল সাড়ে ৬টার দিকে কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল এবং ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়।
অভিযান চলাকালে জ্বালানি পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ৪ জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত জ্বালানি তেল ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরও করা হয়েছে।
চোরাচালান রোধ ও দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।


