প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ত্রয়োদশ সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন শেরপুর-৩ থেকে মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত রেজাউল করিম বাদশা।

গতকাল রবিবার সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তার কার্যালয়ে তাদের দুজনকে শপথ পাঠ করান। শপথের পর নিয়ম অনুযায়ী দুই নবনির্বাচিত সংসদ সদস্য শপথ বইয়ে স্বাক্ষর করেন।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ও এবিএম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন।
গত ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচন হয়েছিল। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
অন্যদিকে, ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে বিজয়ী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। গত ৯ এপ্রিল স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন হয়। শনিবার বিজয়ী দুই সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।


