গ্রাহক হয়রানি কমানো এবং জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধে রাজশাহীতে চালু মোবাইল অ্যাপভিত্তিক ‘ফুয়েল ম্যানেজমেন্টে’ তেল সরবরাহ চালু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে নগরীর কুমারপাড়াস্থ ‘মেসার্স গুলগফুর ফিলিং স্টেশনে’ এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
জেলা প্রশাসন সূত্র জানায়, নতুন এই অ্যাপের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে। এর আওতায় একটি মোটরসাইকেল চালক পাঁচ দিনে একবার সর্বোচ্চ ৫০০ টাকার এবং একটি মাইক্রোবাস বা প্রাইভেট কার সর্বোচ্চ ২ হাজার টাকার পেট্রোল বা ডিজেল কিনতে পারবেন।
ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা অ্যাপ ব্যবহার করে যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যানের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করবে।
এই সেবা গ্রহণে গ্রাহকদের আলাদা কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না বলে জানিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি কৃষকদের জন্য নির্ধারিত কার্ডের মাধ্যমে কৃষিকাজে ব্যবহৃত ডিজেল সরবরাহ অব্যাহত থাকবে। প্রশাসনের এই উদ্যোগকে যুগোপযোগী বলে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পেট্রোল পাম্পে জ্বালানি তেল নিতে আসা গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমানো এবং অবৈধভাবে তেল মজুত রোধ করতেই এই অ্যাপ চালু করা হয়েছে।
তিনি জানান, কোনো গ্রাহক একবার তেল নিলে পরবর্তী পাঁচ দিন পূর্ণ হওয়ার আগে পুনরায় তেল নিতে পারবেন না। নির্ধারিত সময়ের আগে তেল নিতে এলে অ্যাপের মাধ্যমে তা সহজেই শনাক্ত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, এই ব্যবস্থা কার্যকর হলে তেল সরবরাহে শৃঙ্খলা ফিরবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা যাবে। এ সময় তিনি উপস্থিত গ্রাহকদের নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তর প্রমুখ উপস্থিত ছিলেন।



