আলোচনায় থেকেও মনোনয়ন পেলেন না তারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বিএনপি। গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে এতে মনোনয়ন পাননি আলোচিত অনেক প্রার্থী।

এর মধ্যে রয়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আফরোজা আব্বাস, কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, মেঘনা আলম, ফারজানা সিঁথি, প্রয়াত নাসির উদ্দীন পুন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ, গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায়, সালাহ উদ্দিন আহমদ এর স্ত্রী হাসিনা আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলের স্ত্রী নাঈমা খন্দকার, মহিলা দলের সহ-সভাপতি বেবী মওদুদ, সামিরা তাজরিন ও মাহরীন খান।

মনোনয়ন ঘোষণার আগে পরিচিত মুখ হিসেবে এই কয়েকজন মোটামুটি আলোচনায় ছিলেন। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত বাছাইয়ে তারা বাদ পড়েছেন। বিএনপি সূত্র জানিয়েছে, তাদের ভিন্নভাবে মূল্যায়ন করা হতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হয়েছে মোট ১ হাজার ২৫টি। তবে, জমা দিয়েছেন প্রায় ৯০০ জন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয় ২ হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হয়। গত ১৭ ও ১৮ এপ্রিল প্রার্থীদের সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা।

আলোচিত এসব প্রার্থীর মধ্যে মনোনয়ন না পেয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। কন্ঠশিল্পী কনকচাঁপা নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভক্তদের উদ্দেশে লেখেন, জীবনের যেকোনও পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও মনোনয়ন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়।

তিনি লেখেন, গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের জন্য। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করলো না। তবু বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেলো না।

কনকচাঁপা আরও উল্লেখ করেন, আপনারা যেভাবে আমার সাথে ছিলেন, আশা করি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে।

তিনি লেখেন, ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়ই। স্ট্যাটাসে নিজেকে কণ্ঠশ্রমিক হিসেবে পরিচয় দেন জনপ্রিয় এ শিল্পী।

সংরক্ষিত নারী আসনে প্রার্থী হয়ে চমকে দিয়েছিলেন মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মনোনয়ন না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, বঞ্চিত হওয়ায় আক্ষেপ নেই তার। জানালেন, দেশের জন্যই কাজ চালিয়ে যেতে চান।

চমক বলেন, আমি আমার পরাজয়কে উদযাপন করছি। আমার পা থেকে মাথা পর্যন্ত সাহস। আমি আরও দুইশবার ফেইল করবো, দুইশ’বার ট্রাই করবো। এটা আমার শুরু। আমার রাজনৈতিক পথচলার শুরুই হল এমপি প্রার্থী হয়ে। যারা যোগ্য প্রার্থী তাদেরই তো আগে সুযোগ দেয়া হবে। এটাতে আমার কোন আক্ষেপ নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments