ফ্যাসিস্ট আমলে সারাদেশে রাজনৈতিক বিবেচনায় সারের ডিলারশিপ দেয়া হয়েছিল। এ কারণে সারাদেশে কৃষকদের বেশি দামে সার কিনতে হয়েছিল। বুধবার জাতীয় সংসদে চিফ হুইপ নুরুল ইসলামের এই প্রশ্নের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সায় দেন।
চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে সার সরবরাহের যে ডিলার নিয়োগ করা হয়েছে, তাঁরা এখনো বহাল তবিয়তে আছেন। ওই ডিলাররা সার উত্তোলন করছেন না। তারা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছেন।
সংসদের পক্ষ থেকে আমি সংসদ নেতা প্রধানমন্ত্রীকে অনুরোধ করব সেই ডিলার বাতিল করে নতুন করে ডিলার নিয়োগের, যাতে ফ্যাসিস্টরা বিতাড়িত হয়। কৃষকেরা ন্যায্যমূল্যে সার পায়। চিফ হুইপের এই বক্তব্যের সময় সব সংসদ সদস্য টেবিল চাপড়ে সমর্থন জানান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, পুরো সংসদ বিষয়টিতে স্বাগত জানিয়েছে। এ ব্যাপারে পুরো সংসদের সম্মতি থাকলে সরকার শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।



