স্বপ্ন দেখি ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

নোয়াখালীতে স্বপ্ন দেখি ফাউন্ডেশনের উদ্যোগে ‘মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ এর শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) জেলার সোনাইমুড়ী উপজেলার মেজবান কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, দেশের মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে স্বপ্ন দেখি ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে এবং তাদের উচ্চশিক্ষা অর্জনে উৎসাহিত করে।

তিনি আরো বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ পৃষ্ঠপোষকতা প্রদান করা গেলে তারাই একদিন দেশের নেতৃত্ব দেবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কঠোর পরিশ্রম, সততা এবং অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এই ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান উপাচার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট শাহ আলম সিরাজী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বপ্ন দেখি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব এম এ মোতালেব।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরীক্ষা পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আল হোসাইন পার্থ, পরীক্ষা পরিচালনা পরিষদের নির্বাহী চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ইমাম হোসেন  ও স্বপ্নদেখি ফাউন্ডেশনের কর্মকর্তাসহ বিশেষ অতিথিবৃন্দ।

প্রসঙ্গত, স্বপ্নদেখি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব মো. আকরাম হোসেন। এ সংগঠনটি কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও আর্থিক সহায়তাসহ নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments