রংপুরের পীরগাছায় জমিজমার বিরোধের জেরে আহম্মেদ আলী (৭৫) নামে বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলায় তিন জনকে র্যাব গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ ইব্রাহিম খলিল (৪৩), তার স্ত্রী মোছাঃ সুলতানা বেগম (৩৩) ও মোঃ মজিবর রহমান।

রংপুর র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে গত ২ ফেব্রæয়ারি পীরগাছার রাজবল্লভ গ্রামে আহম্মেদ আলীকে (৭৫) হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি দল শুক্রবার রাতে রংপুর নগরীর কোতয়ালী থানার জনৈক মোঃ এলাহী বকসের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি মোঃ ইব্রাহিম খলিল (৪৩), তার স্ত্রী মোছাঃ সুলতানা বেগম (৩৩) কে গ্রেফতার করে।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গংগাচড়া থানাধীন ৫ নং লক্ষীটারী ইউনিয়নের পূর্ব মহিপুর গ্রামে জনৈক মোঃ লাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মোঃ মজিবর রহমান কে গ্রেফতার করা হয়।



