সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস), মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করা হয়েছে।

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্র জানায়, বৈকারী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৫৬-এস সংলগ্ন সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে।
একইভাবে কালিয়ানী বিওপির আরেকটি আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫-এস সংলগ্ন কালিয়ানী নীলকুঠি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করতে সক্ষম হয়।
অপরদিকে, কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস সংলগ্ন কলারোয়া উপজেলার কেড়াগাছি ও গেড়াখালী এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করে। এছাড়া মাদরা বিওপির একটি দল একই সীমান্তের উত্তর ভাদিয়ালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাদমান সাকিব বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “চোরাচালান দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর এবং সমাজে মাদকের বিস্তার ঘটায়। এ ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিজিবি জানায়, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয় জনগণ বিজিবির এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে সীমান্তে নজরদারি আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।



