ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে ফিরিয়ে আনা হলো হত্যা মামলার আসামি

ইন্টারপোলের মাধ্যমে হত্যা মামলার এক আসামিকে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ফেরত আনা আসামির নাম আরিফ সরকার (৪০)।

গত বুধবার তাকে দেশে নিয়ে আসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি বিশেষ টিম। পরে নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়। গতকাল পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে আরিফ সরকারকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। পরে বিষয়টি বাংলাদেশ পুলিশকে জানানো হলে পিবিআই ও পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে একটি বিশেষ টিম দুবাই গিয়ে তাকে দেশে ফিরিয়ে আনে। গ্রেপ্তার আরিফ সরকার নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খানকে নিজ বাসায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৩১ মে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে শিবপুর মডেল থানায় আরিফ সরকারসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

শুরুতে থানা পুলিশ মামলাটি তদন্ত করে। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে ২০২৩ সালের ২৩ জুন পিবিআই নরসিংদী জেলা মামলার তদন্তভার দিলে ইন্টারপোলের মাধ্যমে আরিফকে দেশের আনার চেষ্টা শুরু হয়।

উল্লেখ্য, এই মামলার সঙ্গে জড়িত অন্যতম আরেক আসামি মহসীনকেও ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফেরত আনে পিবিআই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments