রাজশাহীতে ‘সাংবাদিক সমাজের উন্নয়নে’র নামে পুকুর খননের আবেদন

এবার রাজশাহীর দুর্গাপুরে ‘সাংবাদিক সমাজের উন্নয়নে’র নামে পুকুর খননের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে আবেদন করা হয়েছে। ওই আবেদনে সুপারিশ করেছেন বিএনপি দলীয় স্থানীয় সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম মÐল।

এদিকে পুকুর খননে ইউএনও বরাবরে আবেদনের কপি ছড়িয়ে পড়ায় সাংবাদিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

রাজশাহীর পেশাদার সাংবাদিকেরা বলছেন, ‘কাউকে পুকুর খনন করিয়ে দেওয়ার জন্য আবেদন সাংবাদিকদের কাজ নয়। প্রশাসনকে ব্যবহার করে অনৈতিক সুবিধা গ্রহণই এর উদ্দেশ্য।’

প্রসঙ্গত, আইন অনুযায়ী, জমির শ্রেণি পরিবর্তন অবৈধ। কিন্তু দীর্ঘ দিন ধরে রাজশাহীর বিভিন্ন উপজেলায় চলছে পুকুর খনন।

অভিযোগ রয়েছে, স্থানীয় পুলিশ, প্রশাসন ও এক শ্রেণির গণমাধ্যমকর্মীদের ম্যানেজ করে ভ‚মি খেকো চক্র কৃষকের জমি জোর করে দখল করে পুকুর খনন করছে।

অনুসন্ধানে জানা যায়, রাজশাহীর দুর্গাপুরে অবৈধ পুকুর খনন সিন্ডিকেটের টাকায় সরকারি জমিতে দোতলা প্রেসক্লাব ভবন নির্মিত হয়েছে। অবৈধ পুকুরের টাকায় এক শ্রেণির গণমাধ্যমকর্মী রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছও হয়েছেন। তবে ৫ আগস্ট পরবর্তী সময়ে আগের সাংবাদিকরা প্রেসক্লাবের নিয়ন্ত্রণ হারিয়েছেন।

সূত্র মতে, বর্তমানে দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের সভাপতি কোরবান আলী। সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু। তারা মুশিফিকুর রহমান ও কামাল হোসেনকে দু’টি মৌজার ১৭ বিঘা জমিতে পুকুর খনন করতে দেওয়ার জন্য গত ৬ মে ইউএনও বরাবরে আবেদন করেছেন। ওই আবেদনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি দলীয় এমপি নজরুল ইসলাম মন্ডল সুপারিশ করেছেন।

এ বিষয়ে এমপি নজরুল ইসলাম মন্ডলের মতামত জানা যায়নি। তবে তার ছেলে ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন গণমাধ্যমকে বলেন, ‘আমরাই এলাকায় পুকুর খনন বন্ধ করেছি। এমপির কাছে সুপারিশের জন্য আসায় তিনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বলেছেন।’

খোঁজ নিয়ে জানা যায়, দুর্গাপুরে প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের একটিই অফিস। ৫ আগস্টের আগে অবৈধ পুকুর সিন্ডিকেটের টাকায় দোতলা ভবনটি নির্মিত বলে অভিযোগ রয়েছে। আগে প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক ছিলেন রবিউল ইসলাম এবং গোলাম রসুল। ৫ আগস্টের পর সভাপতি কোরবান আলী এবং সম্পাদক জাকির হোসেন বাবলু।

বর্তমান সভাপতি কোরবান আলী অনিবন্ধিত অনলাইন পোর্টাল ‘দৈনিক ক্রাইম নিউজে’র সম্পাদক ও প্রকাশক। সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। তিনি ‘অগ্রযাত্রা প্রতিদিনে’র দুর্গাপুর প্রতিনিধি।

পুকুর খননের বিষয়ে সভাপতি কোরবান আলী গণমাধ্যমকে বলেন, ‘প্রেসক্লাবের ভবন আছে, দরজা-জানালা ও টয়লেট নাই। পুকুর দু’টি খনন হলে আমরা এগুলো করতে পারব।’

তবে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন গণমাধ্যমকে বলেন, ‘কাউকে পুকুর খননের অনুমতি দিতে প্রশাসনে আবেদন করা সাংবাদিকের কাজ নয়। আমি আবেদনটি দেখেছি। স্থানীয় এমপি সুপারিশ করেছেন। তারও সুপারিশ করা উচিত হয়নি। ইউএনও যদি অনুমতি দেন, তাহলে দায়ভার তার। বিষয়টি সাংবাদিকদের পেশার সঙ্গে যায় না।’

দুর্গাপুরের ইউএনও মাশতুরা আমিনা গণমাধ্যমকে বলেন, ‘প্রকৃত জমির মালিকরা আবেদন করেননি। দু’জন ইজারা নিয়েছেন উল্লেখ করে সাংবাদিকেরা আবেদন করেছেন। আবেদনে পতিত জমি উল্লেখ করা হলেও পুকুর খননের অনুমতির সুযোগ নেই।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments