জাবি ছাত্রীকে ঝোপে নিয়ে ধর্ষণ চেষ্টা, মামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক ব্যক্তিকে ওই এলাকায় দেখা গেছে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

এ ঘটনায় গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে হত্যাচেষ্টা ও ধর্ষণচেষ্টার মামলা রুজু হয়েছে। মামলাটি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি ইউনিট কাজ করছে। অতি দ্রæত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে তাঁরা আশাবাদী।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী ক্যাম্পাসের ভেতরে সড়ক দিয়ে যাচ্ছিলেন। অভিযুক্ত ব্যক্তি তাঁর পিছু নেন। একপর্যায়ে ওই ছাত্রী পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন সড়কে গেলে অভিযুক্ত ব্যক্তি ওই ছাত্রীর কাছাকাছি আসেন। তখন তিনি ক্যাম্পাসের কেউ কি না, জিজ্ঞাসা করেন ওই ছাত্রী। উত্তরে ওই ব্যক্তি জানান, তিনি ক্যাম্পাসের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং পাশের বিশমাইল এলাকায় থাকেন।

কথা শেষে ভুক্তভোগীর গলায় জাল পেঁচিয়ে অন্ধকারে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগী কোনোমতে বেরিয়ে সড়কে চলে আসেন। এ সময় সড়কে চলাচলকারী কয়েকজন ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। পরে ভুক্তভোগীসহ শিক্ষার্থীরা সিসিটিভি ফুটেজ দেখে একজনকে দেখতে পেলেও তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানতে চাইলে ডেপুটি রেজিস্ট্রার জেফরুল হাসান চৌধুরী বলেন, রাতের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করেছেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন ব্যক্তি শিক্ষার্থীর গলায় জালের মতো একটি বস্তু পেঁচিয়ে তাঁকে ঝোপঝাড়ে টেনে নিয়ে যান। ফুটেজের ভিত্তিতে তাঁরা প্রাথমিকভাবে সন্দেহভাজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছেন। তবে তাঁর পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ধর্ষণচেষ্টার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে ছাত্রশিবিরের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রাতে নারী শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ মিছিল অনুষ্টিত হয়েছে।

এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি এবং বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জাকসু) পক্ষ থেকে রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ক্যাম্পাসের ভেতরে একটি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। ঘটনার শুরু থেকেই জাকসু নেতারা উপস্থিত ছিলেন, যাতে ভুক্তভোগী ন্যায়বিচার পান। আইনশৃঙ্খলা বাহিনীকেও জাকসু সহায়তা করছে।

আজ সব সংগঠনকে নিয়ে জাকসুর পক্ষ থেকে ঘটনার বিচারের দাবিতে একসঙ্গে আন্দোলন করার চেষ্টা ছিল। কিন্তু ছাত্রদল ও প্রগতিশীল ছাত্র সংগঠন সাড়া না দেওয়ায় সম্ভব হয়নি। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তাব্যবস্থার একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের দাবিতে বৃহস্পতিবার রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments