সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস।
বৃহস্পতিবার রাতে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
সরকারের পক্ষ থেকে এখনো নতুন পুলিশ কমিশনার নিয়োগ না দেওয়ায় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে আপাতত ডিএমপির কার্যক্রম পরিচালনা করবেন এস এন নজরুল ইসলাম।
গত ২৬ ফেব্রæয়ারি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক প্রজ্ঞাপনে মো. সরওয়ারকে ডিএমপি কমিশনারের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেয়া হয়েছিল।
মূলত, ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেয়া হয়েছিল।
তবে গত ২৫ ফেব্রæয়ারি পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ওইদিন দুপুরের দিকে নিজের অব্যাহতিপত্র স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠান তিনি। পরবর্তীতে মো. সরওয়ারকে ডিএমপি কমিশনারের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেয়া হয়।



