নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

সোমবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ মতবিনিময় সভাসমূহ অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনয়নের লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নবনিযুক্ত উপাচার্য মহোদয়।
শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমাকে উপাচার্যের দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয়ে অনেক সীমাবদ্ধতা থাকলেও যা আছে তা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।

নিয়মিত ক্লাস, পরীক্ষা এবং একাডেমিক ক্যালেন্ডারের বিষয়ে সচেতন থাকতে হবে। র্যাঙ্কিং, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে যে ধরণের সুযোগ সুবিধা প্রয়োজন আমরা তা নিশ্চিত করবো। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ে আমরা একটি পরিবার; এর উন্নয়নে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
কর্মকর্তাদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কর্মকর্তাদের ভূমিকা অনস্বীকার্য। আপনারা সময়ানুবর্তিতা মেনে অফিস কার্যক্রম পরিচালনা করবেন এবং আপনাদের যে কোনো সমস্যাকে আমরা গুরুত্ব দেবো। এ সময় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে সততা ও নিষ্ঠার সাথে কর্মকর্তাদের নিরলসভাবে কাজ করে যাওয়ার উদাত্ত আহ্বান জানান উপাচার্য।
কর্মচারীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, কর্মচারীবৃন্দ বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্টেকহোল্ডার। আপনাদের প্রত্যেকের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় সামনে অগ্রসর হবে, এটাই আমি প্রত্যাশা করি। আমি চাই, আপনারা প্রত্যেকে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করবেন এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সহযোগিতা করবেন।

নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। সভাসমূহে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের সমন্বয় সাধন ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করতে এ সভা সমূহের আয়োজন করা হয়।



