রংপুরে হত্যা মামলার প্রধান আসামী সবুজ মিয়াকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় মিঠাপুকুর উপজেলার ফুলচৌকি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সবুজ মিয়া ফুলচৌকি এলাকার এছান পাইকারের ছেলে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
তিনি জানান, নিহত আবু সায়াদ ওরফে সাঈদ (৪১) কৃষি কাজের পাশাপাশি মিঠাপুকুর উপজেলার শাল্টিরহাট বাজারে গরুর দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত ৭ মে ময়েনপুর ইউনিয়নের ধরধরা মোড় এলাকার আমবাগানের পাশে সাঈদের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে বুধবার আসামী সবুজ মিয়াকে গ্রেফতার করে।
পরে জিজ্ঞাসাবাদ করলে পূর্ব শত্রুতার জেরে সাঈদকে হত্যার কথা স্বীকার করে সবুজ। তার দেয়া তথ্যের ভিত্তিতে সবুজের বসতবাড়ি থেকে নিহত সাঈদের মোবাইল ফোন, হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামী সবুজকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, রংপুর জেলা পুলিশ চুরি, ছিনতাই, ডাকাতি ও ক্লুলেস হত্যা মামলা উম্মোচনসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। মাঠ পর্যায়ে থানা পুলিশ ও গোয়েন্দা শাখার নিবিড় পর্যবেক্ষন অব্যাহত রয়েছে।



