কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিতে নির্বাচন ও প্রশাসকের নিরপেক্ষ ভূমিকার আহবান

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বর্তমান কমিটি ও প্রশাসক নিয়োগ ইস্যুতে সংবাদ সম্মেলন করেছে কেমিস্ট বান্ধব ঐক্য পরিষদ।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা আদালতের নির্দেশনা অনুযায়ী প্রশাসকের কার্যক্রম চালু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেমিস্ট বান্ধব ঐক্য পরিষদের সভাপতি ও সমিতির সাবেক পরিচালক আনোয়ার হোসেন বেলু।

তিনি বলেন, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ী সংগঠন, যার সঙ্গে প্রায় ৬ থেকে ৭ লাখ ব্যবসায়ী জড়িত। সমিতির সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২০ মে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর সমিতির সভাপতি মো. শাহজালাল বাচ্চু দেশ ছেড়ে বিদেশে চলে যান। এরপর গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালনের পরিবর্তে দ্বিতীয় সহ-সভাপতি মো. ময়নুল হক চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

এ ঘটনায় কয়েকজন সাবেক পরিচালক হাইকোর্টে রিট আবেদন করেন। পরে বাণিজ্য মন্ত্রণালয় ২০২৫ সালের ১৭ ডিসেম্বর যুগ্ম সচিব মাহমুদুল হাসানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। প্রশাসক নিয়োগের বিরুদ্ধে আদালতে আবেদন করলে হাইকোর্ট স্থিতাবস্থা জারি করেন। পরবর্তীতে আপিলের পর আদালত প্রশাসক নিয়োগ বহাল রাখেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও গত ১১ এপ্রিল কার্যনির্বাহী কমিটির সভা আহবান করা হয়। ওই সভাকে অবৈধ দাবি করে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানো হলেও সভা অনুষ্ঠিত হয়। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচনের তফসিল ঘোষণা কিংবা মেয়াদ বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি গত দুই বছরে বিভিন্ন জেলা কমিটি ভেঙে নতুন কমিটি অনুমোদনের অভিযোগও তোলা হয়।

সংবাদ সম্মেলন থেকে দ্রুত প্রশাসককে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া এবং নির্ধারিত সময়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments