রাজধানীর আজিমপুর সরকারি কলোনির পুকুরে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকালে গোসল করার সময় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ছাত্রের নাম মো. জাহিন (১৫)। সে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাকে বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহিনকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মাহির আহমেদ জানায়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র জাহিন। তার বাসা হাজারীবাগ। মাহির আগে একই স্কুলে পড়লেও এখন অন্য স্কুলে পড়ে। সে থাকে আজিমপুর সরকারি কোয়ার্টারে।
হাজারীবাগের বাসা থেকে দুপুরে বন্ধু মাহিরের বাসায় বেড়াতে আসে জাহিন। এরপর দুই বন্ধু কোয়ার্টারের ভিতর ঘুরাঘুরি করছিল। তখন পুকুর দেখে সেখানে গোসল করতে চায় জাহিন। তবে সে সাঁতার জানে না, এজন্য বন্ধু মাহির তাকে পানিতে নামতে নিষেধ করে। তবুও সে কথা শুনেনি। জোর করেই পুকুরে নামার কিছুক্ষণ পর সে পানিতে তলিয়ে যায়।
তখন মাহিরের চিৎকারে কোয়ার্টারের নিরাপত্তাকর্মীরা ছুটে এসে পনির নিচ থেকে তাকে উপরে তুলে আনেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
কলোনির সিকিউরিটি ইনচার্জ আব্দুল কুদ্দুস জানান, বিকাল পৌনে ৩টার দিকে পুকুরে গোসল করার সময় জাহিন ডুবে যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য লালবাগ থানায় জানানো হয়েছে।



