নোয়াখালী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. টিপু সুলতান খান (৫৬) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন অবিবাহিত।
মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর নোয়াখালীতে পৌঁছালে সহকর্মী এবং সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাদ আসর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
টিপু সুলতান খানের মৃত্যুতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাছিমা হাবিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়ারা ইসলাম শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে টিপু সুলতান খান অত্যন্ত কর্তব্যপরায়ণ, দক্ষ, নিষ্ঠাবান, সরল ও সদালাপী কর্মকর্তা হিসেবে সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন।
জানা যায়, গত ৩ জুন সকালে কর্মস্থলে যাওয়ার পথে সদর উপজেলা অফিসের সামনে প্রধান সড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন টিপু সুলতান খান। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে তিনি শরীয়তপুর সদর উপজেলার নিজ বাড়িতে যান। সেখান থেকেই কর্মস্থলে ফেরার আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।



