হাতিয়ার বিদ্যালয়ে ৫০ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি

নোয়াখালীর হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহে তিন দফায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার ঘটনায় কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন আনোয়ার হোসেন। তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানসী রানি সরকারকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, প্রাথমিকভাবে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার পেছনে ‘ম্যাস হিস্টিরিয়া’ কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটিকে চূড়ান্ত কারণ হিসেবে দেখা হচ্ছে না। প্রকৃত কারণ নিশ্চিত করতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ বুধবার দুপুরে বিদ্যালয়ের নয় শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে বিকেলে আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সব মিলিয়ে ওই দিন ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়।

এর আগে ৭ সেপ্টেম্বর একই বিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। ১৪ সেপ্টেম্বর আরও ২১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সর্বশেষ বুধবার ১৩ জন অসুস্থ হওয়ায় এক সপ্তাহে মোট ৫০ শিক্ষার্থী অসুস্থ হওয়ার কথা জানায় স্বাস্থ্য বিভাগ।

জেলা স্বাস্থ্য বিভাগ আরও জানায়, সোমবার নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া এক শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হলেও অসুস্থতার অন্য কোনো কারণ পাওয়া যায়নি।

তবে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ নিয়ে কৃষি বিভাগের পর্যবেক্ষণে ভিন্ন তথ্য পাওয়া গেছে। ৭ সেপ্টেম্বরের ঘটনার পর কৃষি বিভাগের তদন্তে বলা হয়, বিদ্যালয়ের পাশের জমিতে কীটনাশক ব্যবহারের গন্ধে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে।

একই বিদ্যালয়ে বারবার শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরই অসুস্থতার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments