প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন আজন্ম দৃষ্টিহীন চাকরিপ্রত্যাশী মো. শাকিল হোসেনকে চাকরি দিয়েছে।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর উপস্থিতিতে রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম চাকরিপ্রত্যাশী মো. শাকিল হোসেনের হাতে নিয়োগপত্র তুলে দেন।
এ সময় নওগাঁ-৫ আসনের এমপি মো. জাহিদুল ইসলাম ধলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর মোর্শেদ হাসান খান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলম উপস্থিত ছিলেন।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে মো. শাকিল হোসেনকে কোন পদে নিয়োগ দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি। ধারণা করা হচ্ছে, নিয়োগটি অস্থায়ী ভিত্তিতে দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত মো. শাকিল হোসেন রাবির সমাজবিজ্ঞান বিভাগ থেকে ২০১৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। নওগাঁর আত্রাই উপজেলার আজপাড়া-গাঁ থেকে স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে রাবি থেকে শিক্ষাজীবন শেষ করেন আজন্ম দৃষ্টিহীন শাকিল।
অত্যন্ত অসচ্ছল পরিবারের সন্তান শাকিল মেধা ও উচ্চশিক্ষার অদম্য আকাঙ্ক্ষায় সফলভাবে শিক্ষাজীবন শেষ করলেও কর্মসংস্থান না হওয়ায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েন। এর আগে তিনি কয়েকটি সরকারি চাকরির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও দৃষ্টিসক্ষমতার সীমাবদ্ধতার কারণে নিয়োগ থেকে বঞ্চিত হন।
সম্প্রতি বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি রাবি কর্তৃপক্ষকে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনার জন্য জানান। এরই ধারাবাহিকতায় রাবি কর্তৃপক্ষ শাকিলের যোগ্যতা বিবেচনা করে তাকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
নিয়োগপত্র হস্তান্তরের পর রাবি উপাচার্য বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাবির যে মানবিক ও সামাজিক দায় রয়েছে, তারই প্রতিফলন মো. শাকিল হোসেনের কর্মসংস্থানের ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার কর্মজীবনের সাফল্য কামনা করছে।



