নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল আজিম ওরফে সুমন (৪৬) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেগমগঞ্জ-মাইজদী আঞ্চলিক মহাসড়কের জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল আজিম সুমন বেগমগঞ্জ উপজেলার উত্তর কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের মাস্টার আবুল খায়েরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল আজিম সুমন বেগমগঞ্জ চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেলে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে রওনা দেন। পথে জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনে পৌঁছালে একটি অজ্ঞাতনামা বেপরোয়া গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. সাকাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শফিকুল আজিম গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষকের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



