অপরাধ প্রতিরোধ ও সরকারি সম্পদ সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে রংপুর বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় সদর দপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদসহ বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার, জনসেবা নিশ্চিত, সরকারি সম্পদ সুরক্ষা, অপরাধ প্রতিরোধ এবং আইনানুগ কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হয়।
সরকারি স্থাপনা ও জমি দখল, চুরি-ভাঙচুর, মহাসড়ক ও সড়কের জায়গা অবৈধ দখল, চাঁদাবাজি ও সড়ক অবরোধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দুর্ঘটনাপ্রবণ এলাকায় শৃঙ্খলা রক্ষা, নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, বিদ্যুৎ অবকাঠামোয় নাশকতা ও বিদ্যুৎ চুরি এবং অবৈধ সংযোগ প্রতিরোধের বিষয়েও আলোচনা হয়।
হাসপাতালে দালালের দৌরাত্ম্য বন্ধ, সরকারি ওষুধ চুরি রোধ, কৃষক হয়রানি বন্ধ, সার পাচার ও ভেজাল কৃষি উপকরণ বিক্রি প্রতিরোধ, মৎস্যসম্পদ সংরক্ষণ, অবৈধভাবে মাছ আহরণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া বিভাগের আট জেলার কৃষি, অবকাঠামোগত উন্নয়ন, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।



