রাজশাহী অঞ্চলে হারানো (লুণ্ঠিত) ১৬৪টি সরকারি আগ্নেয়াস্ত্রের মধ্যে ১৪৮টি উদ্ধার হয়েছে। তবে এখনো ১৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। অন্যদিকে হারানো ৫ হাজার ৩৫২টি গুলির মধ্যে মাত্র ৫৫৪টি উদ্ধার হয়েছে। এখনো উদ্ধার হয়নি ৪ হাজার ৭৯৮টি গুলি। এসব অস্ত্র ও গুলি উদ্ধারে তথ্যদাতাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিজ সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান এসআরবি-৫, রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল ফয়সাল ইকবাল।
তিনি বলেন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং কারও বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আগামী ১৫ নভেম্বরের মধ্যে অস্ত্র ও গুলি উদ্ধার না হলে সাঁড়াশি অভিযান চালানো হবে।
এসআরবির এ কর্মকর্তা জানান, উদ্ধার না হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি চায়না রাইফেল, পাঁচটি চায়না পিস্তল, পাঁচটি ১২ বোর শটগান ও তিনটি গ্যাসগান। এসব অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাইফেল, এসএমজি ও স্নাইপারের জন্য ২ লাখ টাকা; শটগান, পিস্তল ও গ্যাসগানের জন্য ৫০ হাজার টাকা; সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং সব ধরনের গোলাবারুদের প্রতি রাউন্ডের জন্য ৫০ টাকা পুরস্কার ঘোষণা করেছে।
সভায় তিনি মাদক, চোরাচালান ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের বিষয়ে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান জোরদার করা হয়েছে।
সভায় রাজশাহী মহানগর পুলিশ, জেলা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



