কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামে এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। একপর্যায়ে তার পিঠে ইট চাপা দিয়ে নির্যাতন করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই এলাকার বাদশা মিয়ার ছেলে। এ ঘটনায় নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্যাতনে জড়িত সন্দেহে রিফাত মুহাম্মদ ত্বকি নামে এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে পূর্ব ফকিরাঘোনা এলাকার কেফায়েত উল্লাহ ফয়সালকে আটক করেন। ফয়সাল তার বাড়িতে চুরি করতে ঢুকেছিলেন বলে তিনি স্থানীয়দের জানান। পরে সকালে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ফয়সালকে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এ সময় তার পিঠের ওপর কয়েকটি ইট রাখা হয়।
সকাল ৯টার দিকে স্থানীয়রা ফয়সালকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর দাবি করেন, ফয়সাল একজন পেশাদার চোর এবং তার নেতৃত্বে এলাকায় প্রায়ই চুরি হতো। তবে চুরির অভিযোগ থাকলেও এভাবে নির্যাতন করে হত্যা করা কোনোভাবেই উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।
ফয়সালের বাবা বাদশা মিয়া দাবি করেন, তার ছেলে দিনমজুর ছিলেন। কোনো কারণ ছাড়াই তাকে চোর সন্দেহ করে এভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান বলেন, নির্যাতনের কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



