রংপুর মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল। সরকারি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগরীর ছয়টি থানা এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ, মশার প্রজননস্থলে স্প্রে ও পরিচ্ছন্নতা অভিযান চালাবেন সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে মহানগরীর পার্কের মোড় এলাকা থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। রংপুর মহানগর যুবদলের উদ্যোগে ও তাজহাট থানা যুবদলের আয়োজনে এ কার্যক্রম শুরু হয়।
এ সময় মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ মহানগর, তাজহাট থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংসে ড্রেনে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হয়। পাশাপাশি ফুটপাতের ময়লা-আবর্জনা পরিষ্কার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় সরকারি নির্দেশনা মেনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
যুবদল নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকারি ও দলীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগরের পাড়া-মহল্লায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধের পাশাপাশি পরিচ্ছন্ন নগর গড়ে তোলাই এ কর্মসূচির লক্ষ্য।
আগামী ১৯ সেপ্টেম্বর সকালে হারাগাছ থানা যুবদল এবং বিকেলে পরশুরাম থানা যুবদল এ কর্মসূচি পালন করবে। ২০ সেপ্টেম্বর সকালে কোতোয়ালি থানা যুবদল এবং বিকেলে হাজীরহাট থানা যুবদল একই কর্মসূচি বাস্তবায়ন করবে।
মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তুললে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।



