কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্টকে গ্রেপ্তার করেছে সুধারাম মডেল থানার পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নোয়াখালী শহরের মাইজদী বাজার এলাকার আশ্রমপাড়ায় নিজ বাসা ‘ভট্ট কুঠির’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন ভট্ট ২০২২ সাল থেকে নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইমন ভট্ট আত্মগোপনে ছিলেন। প্রায় দুই বছর পর মঙ্গলবার সকালে তিনি ঢাকা থেকে নোয়াখালীর নিজ বাসায় ফেরেন। রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। ওই মিছিলে জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্ট অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে। এর এক দিন পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীদের মিছিলে অর্থায়নের অভিযোগে ইমন ভট্টকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।



