কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভের খাষ ইউনিয়নের গাবতলা বাজারে সারের দাবিতে সড়ক অবরোধ করেছেন কৃষকরা। এ সময় সার বিতরণকেন্দ্রের গুদামে উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কৃষকরা। প্রায় চার ঘণ্টা পর পুলিশি নিরাপত্তায় তাকে উদ্ধার করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। গাবতলা বাজারের সার ডিলার পয়েন্ট ভাই ভাই মেশিনারিজে কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। স্থানীয় কৃষকদের অভিযোগ, নির্ধারিত সময়ের আগেই ভোর থেকে সার বিতরণ শুরু করা হয়। ফলে সকাল ৮টার দিকে প্রায় তিন শতাধিক কৃষক সেখানে গিয়ে সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন।

একপর্যায়ে বিক্ষুব্ধ কৃষকরা মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। একই সঙ্গে সেখানে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামের ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ গুদামটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নেয়।
পরে দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। তার আশ্বাসে পরিস্থিতি শান্ত হলে পুলিশি নিরাপত্তায় উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদাম থেকে উদ্ধার করা হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার বলেন, ‘সারের দাবিতে কিছু কৃষক সড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘সুষ্ঠুভাবেই সার বিতরণ করা হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। কৃষকদের সার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত বরাদ্দের জন্য চাহিদা পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’



