ঈদে বোনাস দিতে পারেনি ১৫ শতাংশ কারখানা

দেশের আটটি শিল্প অঞ্চলের ১০ হাজার ২৩৮টি কারখানার মধ্যে ১৫০০ বা প্রায় ১৫ শতাংশ কারখানা সেমাবার পর্যন্ত তাদের শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে পারেনি। ২১ মের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করার জন্য সরকারের নির্দেশনা থাকলেও ২৫ মে, সোমবার পর্যন্ত বোনাস পরিশোধ করেনি এসব কারখানা। গার্মেন্টস ও টেক্সটাইল খাতের ৩২৭০টি কারখানার মধ্যে ৪০৯টি বা ১৩ শতাংশ কারখানা বোনাস পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। শিল্পঞ্চল পুলিশ সূত্রে এ তথ্য জানাগেছে।

অনদিকে প্রতি মাসের বেতন পরবর্তী মাসের সাত কর্মদিবসের মধ্যে পরিশোধের বিষয়ে বাধ্যবাধকতা থাকলেও ১৬২টি কারখানা ২৫ মের মধ্যে বেতন দেয়নি, যার মধ্যে গার্মেন্টস ও টেক্সটাইল খাতের কারখানার সংখ্যা ৯২টি। শিল্পাঞ্চল পুলিশের আওতার বাইরেও উল্লেখযোগ্য সংখ্যক কারখানা রয়েছে, যেগুলোর হিসাব এ তালিকায় নেই। শিল্প পুলিশ সূত্রে এ তথ্য জানাগেছে।

সাভার-আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট এই আটটি শিল্পাঞ্চলের ১০ হাজার ২৩৮টি শিল্পকারখানা পর্যবেক্ষণ করে শিল্প পুলিশ।

সংশ্লিষ্ট তথ্যে দেখা যায়, শিল্প পুলিশের আওতাধীন পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) এর সদস্যভুক্ত কারখানা ১৫৭০টির মধ্যে সোমবার পর্যন্ত বোনাস পরিশোধ হয়নি ২২০টিতে।

অন্যদিকে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ) এর সদস্যভুক্ত ৫৮২টি কারখানার মধ্যে বোনাস পরিশোধ হয়নি ১২৬ কারখানায়। এছাড়া বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) সদস্যভুক্ত কারখানার মধ্যে ৫৭টি কারখানা বোনাস পরিশোধ করেনি।

আগামী ২৮ মে কোরবানীর ঈদ উদযাপন হবে। এদিকে পোশাক শিল্প মালিকরা জানিয়েছেন, আজ মঙ্গলবার (২৬ মে) কোন কোন কারখানা খোলা থাকবে বেতন-বোনাস পরিশোধের জন্য। তবে ২৪ মে থেকে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর আওতাভুক্ত কারখানাগুলোতে ধাপে ধাপে ছুটি শুরু হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

অবশ্য শিল্পাঞ্চল পুলিশের দেওয়া এ তথ্যের সঙ্গে একমত নয় বিজিএমইএ। সংগঠনটি থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী, গত ২৪ মের মধ্যে সংগঠনটির সদস্যভুক্ত ১৭৯৪টি কারখানার মধ্যে বেনাস পরিশোধ না করা কারখানার সংখ্যা ৪৬টি। আর এপ্রিলের বেতন বকেয়া আছে মাত্র ৩টি কারখানায়।

অন্যান্য ঈদের মতো এবারও নির্ধারিত সময়ের মধ্যে সব শ্রমিকের বেতন-বোনাস না পাওয়াকে মালিকদের একটি অংশের গাফিলতি বলে মনে করেন শ্রমিকনেতারা। অন্যদিকে শিল্পমালিকেরা বলছেন, চার সপ্তাহের মধ্যে এপ্রিলের বেতন, ঈদ বোনাস ও চলতি মে মাসের আংশিক অগ্রিম বেতন দিতে গিয়ে অনেক শিল্পকারখানা আর্থিক সংকটে পড়েছে। আজ মঙ্গলবার বেতন-বোনাস পরিশোধ হবে অনেক কারখানায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments