মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে গরুবাহী ট্রলারডুবিতে ২৩টি গরুসহ এক ব্যবসায়ীর নিখোঁজের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার মাওয়া পদ্মা সেতুর ১৫ নাম্বার পিলারের সামনে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
এতে আইয়ুব আলী (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। নিখোঁজ আইয়ুব আলী ফরিদপুরের চরভদ্রাসনের সালিপুর গ্রামের মৃত আব্দুর মিস্ত্রির পুত্র। পুলিশ জানা যায়, ফরিদপুরের চর ভদ্রাসন এলাকা থেকে ১৫ জন পাইকার ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জের হাটে বিক্রির উদ্দেশে যাচ্ছিল। হঠাৎ দুপুর আড়াইটার সময় বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে ট্রলারটি পদ্মায় ডুবে যায়।
লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. সুমন আলী জানান, ট্রলারডুবির পর ১৪ জন পাইকার সাঁতার কেটে তীরে ওঠেন এবং পাঁচটি গরু বেঁচে যায়। এক জন পাইকার এবং ২৩টি গরু নিখোঁজ রয়েছে।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোহাম্মদ ইলিয়াস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনায় এক জন গরু ব্যবসায়ী নিখোঁজ রয়েছে এবং ডুবে যাওয়া ট্রলারটিরও সন্ধান পাওয়া যাচ্ছে না। সেসঙ্গে ২৩টি কোরবানির গরু নিখোঁজ রয়েছে। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।



