প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাবেন। তার সফর ঘিরে প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২১-২২ জুন দুই দিনের সফরে তিনি মালয়েশিয়া যাবেন।
মালয়েশিয়া সফরে অভিবাসন, শ্রমবাজার, বাণিজ্য-বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে। মালয়েশিয়ায় কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক অবস্থান করছেন। নতুন কর্মী নিয়োগের বিষয়টিও দীর্ঘদিন ঝুলে আছে। প্রধানমন্ত্রীর সফরে এই জটিলতা দূর হতে পারে। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালুর ঘোষণা আসতে পারে।
গত ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ফোনালাপে তিনি তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। এরপর গত এপ্রিলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মালয়েশিয়া সফর করেন। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা তারেক রহমানের ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন তিনি। সে সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আবারও মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান আনোয়ার ইব্রাহিম।
সূত্র জানিয়েছে, মালয়েশিয়া ছাড়াও প্রধানমন্ত্রীর চীন ও ভারত সফর নিয়েও কাজ চলছে। তবে কোনো সফর এখনো চূড়ান্ত হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গতকাল বুধবার সাংবাদিকদের বলেন, বহু দেশ থেকে সফরের আমন্ত্রণ এসেছে। তবে কোন দেশ সফর করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নিজেই।



