পদ্মায় খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়াঢ় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় নগরীর শ্রীরামপুর নদীর ধারের ‘টি-বাঁধ’ এলাকায় চর মাজারদিয়াঢ় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এদিকে মানববন্ধন শেষে চর এলাকার অধিবাসীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কার্যালয়ে গিয়ে তার হাতে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন ও স্মারকলিপি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর মাজারদিয়াঢ় ইউপির ১নং ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির ও অ্যাডভোকেট সেলিম রেজাসহ স্থানীয় সাধারণ জনগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, চর মাজারদিয়াঢ়ে উৎপাদিত কৃষিপণ্য অনেক কষ্টে নদী পার করে শহরে এনে বিক্রি করতে হয়। কিন্তু ঘাটে ইজারার কোনো তালিকা (চার্ট) প্রদর্শন ছাড়াই ইজারার নামে অমানবিক ও অযৌক্তিকভাবে অতিরিক্ত টোল আদায় করেন। প্রতিবাদ করলে অনেক সময় সাধারণ মানুষকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

বক্তারা বলেন, ভৌগোলিক কারণে ওই এলাকার অধিকাংশ জমি পদ্মার তীরবর্তী হওয়ায় প্রতিবছর আবাদযোগ্য জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। আবাদি জমি কমে যাওয়ায় কৃষিনির্ভর সীমিত আয়ের মানুষের জীবীকা নির্বাহ অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। কৃষিপণ্য পরিবহন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী আনা-নেওয়া ছাড়া এই ঘাটে কোনো বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয় না।

পবার ৪নং হরিপুর ইউপির ১নং ওয়ার্ডের জনসংখ্যা প্রায় ১০ হাজার। সেখানে ৯৮ শতাংশ মানুষ কৃষিজীবী। এলাকায় কোনো গরুর করিডোর নেই। অর্থাৎ সীমান্তপথে ভারতীয় গরু পারাপারের সুযোগ নেই। চরের দিনমজুর মানুষের দুঃখ-কষ্ট বিশেষ বিবেচনায় মাজারদিয়াঢ় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবি জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments