রংপুর কোতয়ালী থানার ভেতরে সেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে বেধরক পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে স্বেচ্ছাসেবক দল। এসময় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকারিয়া ইসলাম জিম।
বক্তারা অভিযোগ করেন, স্বেচ্ছাসেবক দলের নেতাকে যেভাবে মারধর করা হয়েছে, অতীতে আওয়ামীলীগের দমন-পীড়নের ঘটনাগুলোর কথা মনে করিয়ে দেয়। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের প্রত্যাহারের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জহির আলম নয়ন বলেন,থানায় মানুষ নিরাপত্তার আশায় যায়। সেখানে যদি একজন রাজনৈতিক নেতাকেই মারধরের শিকার হতে হয়, তাহলে পুলিশের কাছে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দল এবং ভুক্তভোগী নেতার সঙ্গে আলোচনা করে অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে মামলা করা হবে।



