রংপুরে পানিতে ডুবে একদিনে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলো, পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের নজরমাহমুদ গ্রামের সজিব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬), শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪) এবং রংপুর নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার মাহমুদুল হাসানের ছেলে শাহরিয়ার হাসান শিহাব (২৬)।
পীরগাছা থানার ওসি খন্দকার মুহিব্বুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার সকাল ১০টার দিকে আপন চাচাতো-জ্যাঠাতো ভাইবোন রাজীব ও সেনাতুল খেলাধুলা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময়ে কেটে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী।
অপরদিকে তাজহাট থানার ওসি আতাউর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল ১১টার দিকে তিন বন্ধু মিলে পানবাড়ি ব্রীজ এলাকার ঘাঘট নদীতে গোসল করতে নেমেছিলো শিহাব। গোসলের এক পর্যায়ে সে নদীর মাঝখানে চলে গিয়ে পানিতে ডুবে যায়।
এ সময় বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন এসে শিহাবকে উদ্ধারের চেষ্টা চালায়। ঘন্টাব্যাপী উদ্ধার অভিযানের পর বেলা সাড়ে ১২টার দিকে নদী থেকে শিহাবের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষনা করে। পানিতে ডুবে শিহাবের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



